
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচারিবাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী রয়েছে, যারা বারবার সমাজকে অস্থির করে রাখতে চায়। আমরা চাই না দেশে আর কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হোক।”
শুক্রবার (৮ মে) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের জাতির মূল চেতনা। এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি, দীর্ঘ নয় মাসের যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। গণতন্ত্রও সংগ্রামের মাধ্যমেই ফিরে এসেছে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের আন্দোলনে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে নতুন পরিবর্তনের সূচনা করেছে। মানুষ নতুন সরকারের প্রতি আশাবাদী। কিন্তু একটি গোষ্ঠী ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে।”
রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবনের নানা দিক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “কবিগুরু শুধু সাহিত্যেই নয়, কৃষি ও গ্রামীণ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কৃষকদের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি ব্যাংক প্রতিষ্ঠা ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলন করেছিলেন। তার সাহিত্যকর্ম আজও বিশ্বব্যাপী সমাদৃত।”
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র কাচারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য , নওগাঁর পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
আলোচনা সভা শেষে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে হাজারো দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীদের উপস্থিতিতে পতিসর কাচারিবাড়ি উৎসবমুখর হয়ে ওঠে।
উল্লেখ্য, আত্রাই উপজেলার নাগর নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পতিসর কাচারিবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সাল থেকে নিয়মিত আসতেন। এখানেই তিনি “আমাদের ছোট নদী”, “দুই বিঘা জমি”, “তালগাছ”সহ বহু বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন।
