
মশিউর মিঠু, মহাদেবপুর (নওগাঁ):
রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার বুধবার (১০ জুন ২০২৬) নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
সফরকালে তিনি উপজেলার রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুর ব্রিজ থেকে কুড়াইল গ্রামের শেষমাথা পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান এবং স্থানীয় জনগণের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে বিভাগীয় কমিশনার মহাদেবপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খাল পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
