
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা কমিটির সভাপতিদের অংশগ্রহণে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলে হুদা, মাননীয় জাতীয় সংসদ সদস্য (নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছি)।
সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঞ্জুরা মোশারফ।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা, এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও কমিটির সভাপতিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মহাদেবপুর, নওগাঁ-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভা শিক্ষার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
