
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে দিলীপ কুমার বর্ম্মণ (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়াপাড়া গ্রামের মাঠে একদল কৃষক কাটা বোরো ধানের আটি খলিয়ানে নেওয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মৃত হরিচরণ বর্ম্মণের ছেলে দিলীপ কুমার বর্ম্মণ ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় গুরুতর আহত হন মৃত লক্ষ্মণ চন্দ্র বর্ম্মণের ছেলে নারায়ন চন্দ্র বর্ম্মণ (৪০) এবং মদন চন্দ্র বর্ম্মণের ছেলে জীবন বর্ম্মণ (২৫)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
