
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
ঈদের নামাজ শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, এবং থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই ডাকবাংলো মাঠে বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লির ঢল নামে। ধর্মপ্রাণ মুসল্লিরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
