
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার:
মহাদেবপুর (নওগাঁ), ২৯ মার্চ, নওগাঁর মহাদেবপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর (৩০) কে পুলিশ আটক করেছে।
আটক সাদ্দাম হোসেন উপজেলার সদর মধ্যবাজার এলাকার জান মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম হোসেন তার স্ত্রী আফসানা মিমিকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এসময় স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আফসানা মিমি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, “স্ত্রী হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে ২৮ মার্চ শনিবার রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
