
নওগাঁর মহাদেবপুর জি,এম সারোয়ার: দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বিনতে আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কুহিনূর আক্তার কুমু, মর্ত্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক ও সংগঠক মোঃ আইনুল হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মোঃ আল-মামুন, সংগঠক আবু নাইম এবং বিক্রয় কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার স্টল ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বইমেলায় দেশি-বিদেশি নানা ধরনের বইয়ের সমাহার থাকায় পাঠক-দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে এই মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে মহাদেবপুর উপজেলা প্রশাসন। তিনদিনব্যাপী এ বইমেলাকে ঘিরে এলাকায় বইপাঠ ও সাংস্কৃতিক চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
