
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড। পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসিন্দা নমির মন্ডল তার জীবদ্দশায় ছেলেমেয়েদের মধ্যে জমি বণ্টন করে দেন। সে অনুযায়ী, তার পাঁচ মেয়েকে আড়াই বিঘা করে এবং ছেলে হাবিবুর রহমানকে প্রায় ১২ বিঘা জমি দেন। এই বণ্টনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরিবারের ভেতরে অসন্তোষ বিরাজ করছিল।
অভিযোগ রয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে বোনদের সঙ্গে যোগসাজশ করে ভাগিনা সবুজসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে হাবিবুর রহমান, তার স্ত্রী এবং সন্তানসহ মোট চারজনকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের পরপরই হাবিবুরের সম্পত্তি দখলের চেষ্টা চালানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।
এই নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
