
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এই উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের প্রতিও সম্মান জানিয়ে পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও সম্মানী প্রদানের কার্যক্রম চালু করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই সম্মানী প্রদান কার্যক্রম চালু করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
