
নওগাঁ প্রতিনিধি মহাদেবপুর থেকে জি এম সারোয়ার: মহাদেবপুর উপজেলা
একুশে ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৪টায় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল-এর সঙ্গে উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মান বৃদ্ধিতে সকল সরকারি কর্মকর্তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। তিনি এমপি মহোদয়কে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের দিকনির্দেশনায় মহাদেবপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এমপি মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা করতালির মাধ্যমে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন প্রতিনিধিসহ বিএনপির উন্নতম নেতাদের মধ্যে সুলতান মামুনুর রশিদ মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণের প্রত্যাশা— এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে মহাদেবপুর উপজেলার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
