
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলার কারালা পাড়া মগলিশপুর এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮/নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কীর্তন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।
