
নওগাঁ মহাদেবপুর থেকে মশিউর মিঠু: নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুর খননের সময় প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম (পিতা: মৃত তছির উদ্দিন) তার পুরাতন পুকুর খননকালে মাটির নিচ থেকে কষ্টিপাথর সদৃশ রাধাকৃষ্ণের একটি মূর্তি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হলে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি জব্দ করে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৭.৭ কেজি এবং এটি পাথর সদৃশ রাধাকৃষ্ণের একটি প্রাচীন নিদর্শন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটির বিশেষ প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকতে পারে। তিনি বলেন, “বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোনো জাদুঘরে মূর্তিটি হস্তান্তর করা হবে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে।
