
জি,এম সারোয়ার মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় আয়োজিত “Startup & Science Project Showcasing Program”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মোশাররফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী স্টার্টআপ ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, পরিবেশবান্ধব সমাধান এবং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার প্রতিফলন দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।
#Fazley_Houda_Babul #BNP #Naogaon3 #Mahadevpur #ScienceProject #StartupShowcase
